প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম
বলিউড তারকা Salman Khan–এর দীর্ঘদিনের ঠিকানা ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ঘিরে ভক্তদের আবেগের শেষ নেই। মুম্বাইয়ের Bandra এলাকার এই বাসভবন বহু বছর ধরেই পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে পাঁচ দশকেরও বেশি সময়ের সেই অধ্যায়ের ইতি টানার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রঘেঁষা বান্দ্রাতেই নতুন একটি ছয়তলা আবাসনে উঠতে পারেন সালমান ও তাঁর পরিবার। জানা গেছে, নতুন এই ভবনটি নির্মিত হবে তাঁর মা Salma Khan–এর মালিকানাধীন জমিতে।
সূত্র বলছে, সম্প্রতি ওই প্রকল্পের নির্মাণ অনুমোদনও মিলেছে। মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি গত ১৬ জুন ভবন নির্মাণের প্রস্তাবে সম্মতি দিয়েছে। যদিও গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নতুন আবাসনটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে খুব বেশি দূরে নয়। বান্দ্রার চিম্বাই এলাকায় নির্মিতব্য ভবনটিতে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং তার ওপর ছয়টি আবাসিক তলা। মোট নির্মাণ এলাকা হবে ১ হাজার ১৪ বর্গমিটার। প্রকল্পটি বাস্তবায়ন করবে সাচ ডেভেলপার্স।
উল্লেখ্য, ২০২৪ সালে সালমানের বাসভবনকে লক্ষ্য করে বিষ্ণোই গ্যাংয়ের হামলার অভিযোগ সামনে আসে। এরপর থেকেই তাঁর নিরাপত্তা জোরদার করা হয় এবং তাঁকে ওয়াই-প্লাস নিরাপত্তা দেওয়া হয়। বাসভবনে বুলেটপ্রুফ কাচসহ অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থাও যুক্ত করা হয়।
তবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়ার খবর সামনে এলেও, এই ঠিকানার সঙ্গে সালমানের আবেগ গভীর। ২০১৭ সালে এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘শৈশব থেকে একই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছি। এই অভ্যাস বদলাতে চাই না। পুরো ভবনটাই যেন একটি বড় পরিবার। ছোটবেলায় সবাই নিচের বাগানে একসঙ্গে খেলতাম, কখনো সেখানেই ঘুমিয়ে পড়তাম। তখন সবার বাড়িই ছিল আমাদের নিজের বাড়ির মতো। যে কারও বাসায় গিয়ে খেয়ে আসতাম। আজও আমি সেই একই ফ্ল্যাটে থাকি। কারণ, এই বাড়ির সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে।’
সালমানের এই আবেগঘন স্মৃতির পরও নিরাপত্তা ও পারিবারিক প্রয়োজন বিবেচনায় নতুন ঠিকানায় যাওয়ার সম্ভাবনা এখন জোরালো হয়ে উঠেছে।
