প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
মার্কিন টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ‘সেভেন ডগস’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন এস্পোসিতো। সেখানে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন বলে জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি-এর চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলিম সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা, তাদের আন্তরিকতা, অতিথিপরায়ণতা এবং জীবনযাপন এস্পোসিতোর ওপর ইতিবাচক প্রভাব ফেলে। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় পরিবেশ সম্পর্কে জানার অভিজ্ঞতাও তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এস্পোসিতোকে একটি মসজিদে সহকর্মীদের সঙ্গে নামাজে অংশ নিতে দেখা গেছে। এসব ভিডিও অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘ অভিনয়জীবনে জিয়ানকার্লো এস্পোসিতো আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এছাড়া ‘বেটার কল সল’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ এবং ‘দ্য বয়েজ’-এর মতো আলোচিত সিরিজেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
বর্তমানে তিনি সৌদি আরবে উচ্চ বাজেটের চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। আন্তর্জাতিক তারকা ও নির্মাতাদের আকৃষ্ট করে দেশটির বিনোদন শিল্পকে সম্প্রসারণের যে উদ্যোগ সৌদি আরব নিয়েছে, এই চলচ্চিত্রটি সেই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
