প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় আছেন দক্ষিণি অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। এবার নবজাতকদের জন্য নতুন এক কল্যাণ প্রকল্প ঘোষণা করে আবারও আলোচনার কেন্দ্রে তিনি।
তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রতিবছর বিপুলসংখ্যক নবজাতক এই সুবিধা পাবে।
সরকারি হিসাব অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় হবে। ইতোমধ্যে দ্রুত দরপত্র প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।
আগামী ২২ জুন ২০২৬, অর্থাৎ বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এই সুবিধার আওতায় আসবে। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে।
সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে তামিল সংস্কৃতির ‘থাই মামান সির’ নামে একটি ঐতিহ্য থেকে। এ প্রথায় নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন শিশুর মামা। নতুন প্রকল্পে সরকার প্রতীকীভাবে সেই ‘মামা’র ভূমিকা পালন করবে এবং নবজাতকদের প্রতি ভালোবাসা, যত্ন ও স্বাগত জানানোর নিদর্শন হিসেবে সোনার আংটি উপহার দেবে।
সরকারের দাবি, এই প্রকল্প শুধু একটি কল্যাণমূলক উদ্যোগ নয়; এটি তামিল সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিফলন। একই সঙ্গে নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রীয় সহমর্মিতা ও সমর্থনের প্রতীক হিসেবেও কাজ করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি। দলটির ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এও এটি বিশেষ গুরুত্ব পেয়েছিল।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের জন্মদিন উপলক্ষে ব্যক্তিগত বা দলীয় উদ্যোগে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি উপহার দিয়েছে। তবে প্রথমবারের মতো এই ধরনের উদ্যোগকে পূর্ণাঙ্গ সরকারি কল্যাণ প্রকল্পের আওতায় আনা হচ্ছে, যা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।
