প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১০:২২ এএম
নতুন অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিতে অর্থের সরবরাহ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
মুদ্রানীতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বাজারে অর্থের প্রবাহ ও ঋণ ব্যবস্থাপনার সম্ভাব্য দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখার বিষয়গুলোও এতে বিবেচনায় নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সাধারণত প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে থাকে। এবারের ঘোষিত নীতিমালা চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিদায়ী অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল।
সেই সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিসুদ ১০ শতাংশে অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর।
দেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২২ সালের শেষ দিক থেকে ধারাবাহিকভাবে নীতিসুদ হার বাড়িয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। তবে ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করার পর বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন বাজেটেও সেই পরিকল্পনার ধারাবাহিকতায় বন্ধ কারখানা পুনরায় চালু করতে বিশেষ ঋণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে ৬০ হাজার কোটি টাকার।
