বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

দোহায় ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠকের দাবি ট্রাম্পের, অস্বীকার তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১০:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তার ভাষ্য অনুযায়ী, তেহরানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ আসার পরই ওয়াশিংটন এতে সম্মতি দিয়েছে।

তবে ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেয় ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী জানান, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের কোনো ‘টেকনিক্যাল টিমের’ বৈঠকের পরিকল্পনা নেই।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লেখেন, ইরান বৈঠকের অনুরোধ করেছে এবং আগামীকাল দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ইরানের বক্তব্যে স্পষ্টভাবে এমন কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করা হয়েছে। ফলে সম্ভাব্য এই আলোচনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে। এক পক্ষ বৈঠককে নিশ্চিত বলে দাবি করলেও অপর পক্ষ তা অস্বীকার করায় বিষয়টি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরস্পরবিরোধী অবস্থানের কারণে দোহায় সম্ভাব্য বৈঠকটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, কাতারে অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন ডলারের সম্পদের মধ্যে ৬ বিলিয়ন ডলার ছাড় করা হবে। পাশাপাশি তিনি আরও বলেন, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে অ্যাক্সিওস জানায়, টানা তিন দিনের উত্তেজনার পর যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।

Link copied!