বুধবার ১০, জুন ২০২৬

বুধবার ১০, জুন ২০২৬ -- : -- --

দেশ মাতানোর পর বিদেশ জয়ের পথে ‘রইদ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:১৬ এএম

ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচক-দুই মহলেই ইতিবাচক সাড়া পাচ্ছে। বক্স অফিসেও ছবিটি আশাব্যঞ্জক ফল দেখাচ্ছে। 

এরই মধ্যে নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য এসেছে নতুন সুখবর। শিগগিরই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে ছবিটির প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।

উত্তর আমেরিকায় বাংলা চলচ্চিত্র পরিবেশনার প্রতিষ্ঠান বায়স্কোপ ফিল্মসের প্রধান রাজ হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের প্রতিষ্ঠান ইতোমধ্যে ৫৪টি বাংলা সিনেমা উত্তর আমেরিকার দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। ‘রইদ’ হবে তাদের ৫৫তম পরিবেশনা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষ সপ্তাহেই ছবিটি সেখানে মুক্তি পাবে।

রাজ হামিদের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলা চলচ্চিত্রের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই দর্শকচাহিদার কথা মাথায় রেখেই ‘রইদ’কে বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রটিকে অস্কারের কোয়ালিফাইং পর্যায়ে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের কাজও চলছে।

পৌরাণিক উপাদান ও সমকালীন বাস্তবতার মিশেলে নির্মিত রূপকধর্মী গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রইদ’। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। ছবিটির প্রযোজনায় রয়েছে বঙ্গ ও ফেসকার্ড। বর্তমানে দেশের চারটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।

Link copied!