বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

জুয়া প্রতিরোধ বিল পাস: সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম

জুয়া, অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ পাস হয়েছে। বিদ্যমান দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ পাসের জন্য উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

নতুন আইনে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয়কে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী রাখা হয়েছে অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান।

বিলে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

এ ছাড়া অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার সঙ্গে জড়িত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করা হয়েছে। এ অপরাধে জড়িত ব্যক্তির সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের অপরাধেও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

নতুন আইনে জুয়া, জুয়ার স্থান, জুয়ার সামগ্রী, ডিজিটাল সম্পদ, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, টোটালাইজেটরসহ অনলাইন ও দূরবর্তী জুয়ার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে সংজ্ঞায়ন করা হয়েছে।

Link copied!