প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:৫৬ পিএম
কাল শুরু বিশ্বকাপ, উদ্বোধনী আয়োজনে সংগীত-সংস্কৃতির বর্ণিল উৎসব
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা উঠছে আগামীকাল (বৃহস্পতিবার)। প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ।
এর মধ্য দিয়ে কানাডা প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করছে। অন্যদিকে মেক্সিকো তৃতীয়বার এবং যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। ৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে তিন দেশের ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।
আসরের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপের লড়াই।
তিন দেশে একযোগে উদ্বোধনী আয়োজন
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি আয়োজক দেশে সমান্তরালভাবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট দেশের প্রথম ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠানগুলো শুরু হবে।
যদিও প্রতিটি আয়োজনের থিম ও উপস্থাপনায় থাকবে স্বতন্ত্রতা, তবে সব অনুষ্ঠানের মূল বার্তা থাকবে এক ফুটবলের মাধ্যমে বিশ্বের মানুষকে একসূত্রে বাঁধা।
উদ্বোধনী আয়োজনের সৃজনশীল নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের অভিজ্ঞ প্রযোজক মার্কো বালি। তাঁর মতে, প্রতিটি দেশ নিজেদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরলেও সামগ্রিকভাবে অনুষ্ঠানগুলো ফুটবলের ঐক্যের শক্তিকেই উদযাপন করবে।
নিজস্ব সংস্কৃতির প্রদর্শনী
তিন আয়োজক দেশই উদ্বোধনী মঞ্চে নিজেদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবে।
- কানাডা: সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি ‘কালচারাল মোজাইক’
- মেক্সিকো: ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্পকর্ম
- যুক্তরাষ্ট্র: আধুনিক ও বর্ণিল ভিজ্যুয়ালনির্ভর ‘কাপ থিম’
ফিফা সভাপতি Gianni Infantino বলেন, ‘বিশ্বকাপের সূচনা এমন একটি মুহূর্ত, যা পুরো বিশ্ব একসঙ্গে ভাগ করে নেয়। মেক্সিকো সিটি থেকে শুরু হয়ে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে, যা সংগীত, সংস্কৃতি ও ফুটবলের এক অভিন্ন উদ্যাপন হবে।’
মেক্সিকো সিটিতে তারকাদের মিলনমেলা
১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক Estadio Azteca স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এখানে মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকশিল্প এবং ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শনী থাকবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন Shakira, J Balvin, Maná ও Lila Downsসহ আন্তর্জাতিক অঙ্গনের একাধিক তারকা শিল্পী।
টরন্টোয় বৈচিত্র্যের উদযাপন
১২ জুন টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান। দেশটির বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।
মঞ্চ মাতাবেন Alanis Morissette, Michael Bublé, Alessia Cara, Jessie Reyez এবং Nora Fatehiসহ আরও অনেকে।
লস অ্যাঞ্জেলেসে জমকালো ভিজ্যুয়াল শো
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। আধুনিক প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনা।
এখানে পারফর্ম করবেন Katy Perry, Future, Anitta, LL Cool J এবং Rema।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিটি ভেন্যুতে খেলোয়াড়দের ওয়ার্ম-আপ, প্রি-ম্যাচ কার্যক্রম এবং আনুষ্ঠানিক কিক-অফ প্রোটোকল সম্পন্ন হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির অনুষ্ঠান চলবে প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড। অন্যদিকে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান হবে প্রায় ১৩ মিনিটের।
