বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

একই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় জার্মানি যাচ্ছেন নোবিপ্রবির দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১০:৩০ পিএম

আব্দুল্লাহ আল মাহবুব শাফি ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়া

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের দুই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের সাত বছরের বন্ধুত্ব এবার নতুন এক গন্তব্যে পৌঁছেছে। একই স্বপ্ন নিয়ে পথচলা শুরু করা আব্দুল্লাহ আল মাহবুব শাফি ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এবার একই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানি যাচ্ছেন।

শিক্ষা বিভাগের ১৫তম ব্যাচের এই দুই শিক্ষার্থী জার্মানির Julius-Maximilians-Universität Würzburg-এর Adult Education and Management in Lifelong Education বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে তারা জার্মান স্টুডেন্ট ভিসাও লাভ করেছেন।

জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে নোবিপ্রবির শিক্ষা বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তাদের পরিচয় ও বন্ধুত্বের শুরু। এরপর টানা সাত বছর একই মেসের একই কক্ষে রুমমেট হিসেবে থেকেছেন তারা। বিশ্ববিদ্যালয় জীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা একসঙ্গে ভাগ করে নিয়েছেন এই দুই বন্ধু।

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্য স্থির করেছিলেন তারা। সেই লক্ষ্য বাস্তবায়নে ভাষা দক্ষতা অর্জন, বিশ্ববিদ্যালয়ে আবেদন, প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। ধারাবাহিক প্রচেষ্টা ও অধ্যবসায়ের ফল হিসেবে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং জার্মান স্টুডেন্ট ভিসা লাভ করেন তারা।

দীর্ঘ সাত বছরের রুমমেট জীবনের পর এবার ইউরোপের মাটিতে শুরু হতে যাচ্ছে তাদের নতুন অধ্যায়। একই স্বপ্ন ও একই লক্ষ্যকে বাস্তবে রূপ দিয়ে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করতে যাওয়া এই দুই শিক্ষার্থীর গল্প নোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

Link copied!