রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১২:২৫ পিএম
বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
গর্ব ও আবেগের এক মিশ্র অনুভূতি নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় অনন্য গৌরব বয়ে আনলেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম। জবিকে উপহার দিয়েছেন একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক।
আন্ত: বিশ্ববিদ্যালয় ক্যারাতে প্রতিযোগিতায় নিজের মূল ইভেন্ট ‘-৭৫ কেজি’ ওজন শ্রেণীর ফাইটে (কুমিতে) দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বর্ণ পদক জয় করেন নাইম। স্বর্ণ জয়ের এই পথটি মোটেও সহজ ছিল না। একের পর এক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি। প্রথম রাউন্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় রাউন্ডে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেন নাইম।
শুধু নিজের মূল ইভেন্টই নয়, খেলোয়াড় সংকট থাকায় দলের প্রয়োজনে সম্পূর্ণ ভিন্নধর্মী আরেকটি ইভেন্ট ‘কাতা’ (ক্যারাতের একটি শৈল্পিক রূপ)-তেও অংশ নেন তিনি। সেখানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে রৌপ্য পদক নিশ্চিত করেন এই কারাতেকা।
নাইম তার এই গৌরবময় অর্জনকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের সেইসব সাধারণ শিক্ষার্থীদের প্রতি, যারা কঠিন সময়ে তার পাশে ছায়ার মতো ছিলেন। তিনি বলেন,
"শেষবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো বুকে জড়িয়ে খেলার লোভটা সামলাতে পারিনি। ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করার, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু বাঁধার সম্মুখীন হতে হয়েছিল, যার কারণে দলগতভাবে তা আর হয়ে ওঠেনি। তবে ব্যক্তিগতভাবে দুটি পদক পেয়ে আমি আনন্দিত। আমার এই অর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেইসব সাধারণ শিক্ষার্থীদের উৎসর্গ করলাম, যারা আমার কঠিন ও বিপদের সময়ে সবসময় আমাকে সাপোর্ট করেছিলেন এবং পাশে দাঁড়িয়েছিলেন।"
উল্লেখ্য, জর্জিস আনোয়ার নাইম একাধারে জকসুর ক্রীড়া সম্পাদক,ক্যারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক।