প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৮:২৪ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের আমন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ৩ জুলাই তেহরানে পৌঁছাতে পারেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা তেহরানে শুরু হবে আগামী ৪ জুলাই। পরে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে সমাহিত করা হবে।
বাংলাদেশের স্পিকারের এই সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগ আরও জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
