বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

ধর্ষণ মামলা বেড়েছে, কারণ ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

ধর্ষণ মামলা বেড়েছে, কারণ ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ধর্ষণ মামলার সংখ্যা তুলনামূলক বেড়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এর পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন মামলা গ্রহণ প্রক্রিয়ায় আগের তুলনায় স্বচ্ছতা ও সহজলভ্যতা বৃদ্ধি পাওয়াকে।

মঙ্গলবার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মঞ্জুরি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আগে সামাজিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক ভুক্তভোগী থানায় যেতে পারতেন না কিংবা মামলা নথিভুক্ত করতে পারতেন না। এখন সেই পরিস্থিতি বদলেছে।

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সবাই মুগ্ধ হলেও সেই দক্ষতা মন্ত্রণালয়ের কাজেও প্রতিফলিত হলে ছাঁটাই প্রস্তাব আনার প্রয়োজন হতো না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি এসেছে। তবে ধর্ষণ মামলার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে।

তিনি বলেন, ‘ধর্ষণের কেস রেকর্ডের ক্ষেত্রে, একটু বেশি ধর্ষণের চিত্র পেয়েছি। তার একটা কারণ আছে, আগে ভুক্তভোগীরা রেকর্ড করতে যেত না থানায় বা পারতেন না, সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে জিডিসহ অন্যান্য কিছু দায়ের করতে পারেন। এফআইআর দাখিল করতে পারেন। এখানে কোনো হস্তক্ষেপ নেই, যার কারণে নম্বরটা একটু বৃদ্ধি পেয়েছে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ধর্ষণের ঘটনায় বিচারপ্রক্রিয়ায়ও দ্রুততা এসেছে। গ্রেপ্তার, চার্জশিট ও সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আগের তুলনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি পল্লবীর শিশু হত্যা মামলার বিচার ১৫ থেকে ১৭ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার বিষয়টি তুলে ধরেন।

মন্ত্রী জানান, অপরাধ দমনে রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় নেওয়া হচ্ছে না। অপরাধী যেই হোক, তাকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। এমনকি বিরোধী দলের কেউ অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দলও তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, ‘এই একটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য জনগণের সহযোগিতা, সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Link copied!