শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

একটি সিনেমা, দুটি জাতীয় পুরস্কার; সাফল্য দেখার আগেই থেমে যায় অবতার কৃষ্ণ কৌলের জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:১৪ পিএম

একটি সিনেমা, দুটি জাতীয় পুরস্কার; সাফল্য দেখার আগেই থেমে যায় অবতার কৃষ্ণ কৌলের জীবন

ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কিছু নির্মাতার নাম তাঁদের স্বল্প কর্মজীবন সত্ত্বেও বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তেমনই একজন অবতার কৃষ্ণ কৌল। মাত্র একটি সিনেমা নির্মাণ করেই তিনি অর্জন করেছিলেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ভাগ্যের নির্মম পরিহাস, নিজের সেই সাফল্যের স্বীকৃতি দেখে যেতে পারেননি এই নির্মাতা।

রমেশ বক্সীর উপন্যাস ‘অথরা সুরজ কে পৌধে’ অবলম্বনে নির্মিত ‘২৭ ডাউন’ মুক্তি পায় ১৯৭৪ সালে। অবতার কৃষ্ণ কৌল পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন রাখী গুলজার ও এম কে রায়না। এক রেলকর্মীর জীবন, প্রেম, ব্যক্তিগত সম্পর্ক এবং জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল ছবিটি।

সিনেমাটির সংগীত পরিচালনা করেন হরিপ্রসাদ চৌরাসিয়া ও ভুবনেশ্বর মিশ্র। নির্মাণ পরিকল্পনায় যুক্ত ছিলেন সত্যজিৎ রায়ের সহযোগী বংশী চন্দ্রগুপ্ত। মুক্তির পর ‘২৭ ডাউন’ সমালোচক মহলে প্রশংসিত হওয়ার পাশাপাশি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এর মধ্যে ছিল বেস্ট ফিচার ফিল্ম ইন হিন্দি এবং বেস্ট সিনেমাটোগ্রাফি বিভাগ।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়ায় ছবিটি। লোকার্নো চলচ্চিত্র উৎসবে ইক্যুমেনিক্যাল অ্যাওয়ার্ড এবং ম্যানহেইম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডুলাক পুরস্কার লাভ করে এটি।

তবে এই সাফল্যের কিছুদিনের মধ্যেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। ২০ জুলাই ১৯৭৪ সালে মুম্বাইয়ের জল্কেশ্বর এলাকায় পানিতে ডুবে যাওয়া এক মেয়েকে উদ্ধার করতে ঝাঁপ দেন অবতার কৃষ্ণ কৌল। অন্যের জীবন বাঁচানোর সেই চেষ্টায় নিজের জীবনই হারান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর।

অবতারের এই সাহসী মানবিক উদ্যোগ চলচ্চিত্র অঙ্গনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আজও ‘২৭ ডাউন’ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে তাঁর প্রথম এবং শেষ সৃষ্টি হিসেবে বিশেষভাবে স্মরণ করা হয়। একটি মাত্র সিনেমা দিয়েই তিনি যে শিল্পীসত্তার পরিচয় রেখে গেছেন, তা তাঁকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

Link copied!