বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

জার্মানিকে হারিয়ে প্রথমবারের মত শেষ ষোলোয় প্যারাগুয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৯:০৮ এএম

ডালাসের স্টেডিয়ামে বিশ্বকাপের মঞ্চে দেখা গেল বড় এক অঘটন। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪–৩ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের লড়াই শেষে ম্যাচটি ১–১ সমতায় ছিল।

২০২৬ বিশ্বকাপেও জার্মানির হতাশার অধ্যায় যেন অব্যাহত থাকল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর এবার নকআউট পর্বে এসেও রাউন্ড অব ৩২-এর বাধা পার হতে পারেনি তারা। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিদায় আবারও তাদের কৌশল ও দলের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।

ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়ে পরিকল্পিত রক্ষণভাগ সাজিয়ে জার্মানির আক্রমণ ঠেকানোর চেষ্টা করে। প্রতি আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ৪২তম মিনিটে মাতিয়াস গালারজারের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন হুলিও এনসিসো। এতে এগিয়ে যায় প্যারাগুয়ে।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে আক্রমণের গতি বাড়ায় জার্মানি। এরই ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস থেকে হেডে সমতা ফেরান কাই হাভার্টজ। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা চালালেও নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়েও জমে ওঠে লড়াই। একদিকে ছিল প্যারাগুয়ের দৃঢ় রক্ষণ, অন্যদিকে জার্মানির একের পর এক আক্রমণ। কর্নার থেকে জোনাথন টাহর হেডে জার্মানি এগিয়ে গেলেও ভিএআরের সহায়তায় গোল বাতিল হয়। কারণ গোলরক্ষক গিলের ওপর ফাউল করেছিলেন ভালদেমার আন্তন।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আন্তনের আরেকটি হেডও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে জার্মানিকে ৪–৩ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় প্যারাগুয়ে।

শক্তিশালী জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে দেখিয়ে দিল, মাঠের পারফরম্যান্সই শেষ কথা। এই স্মরণীয় জয়ের পর এখন তাদের লক্ষ্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।

Link copied!