প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০১:৫১ এএম
নাটকীয় এক লড়াইয়ের পর জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিল। সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। ব্রাজিলের রক্ষণভাগকে চাপে ফেলে ২৯তম মিনিটে এগিয়ে যায় সামুরাই ব্লু। পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে দেন কাইশু সানো। প্রথমার্ধে দাপট ধরে রেখে ১-০ ব্যবধানে বিরতিতে যায় জাপান।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে ৬৫তম মিনিটে সমতায় ফেরে তারা। গ্যাব্রিয়েলের ক্রস থেকে হেডে গোল করেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা হিসেবে নাম লেখান তিনি।
সমতা ফেরার পর ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। তবে জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকি একাধিকবার দারুণ দক্ষতায় ব্রাজিলের নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ দিকে আসে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস কাজে লাগিয়ে নিচু শটে জালে বল পাঠান গ্যাব্রিয়েল মার্টিনেলি। তার ওই গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের এবং শেষ ষোলোর টিকিট পায় দলটি।
