বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, ফেনীতে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, ফেনীতে যুবক গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মোসলেহ উদ্দিন ওরফে জনি (২৩)। 

পুলিশ জানিয়েছে, তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বাসিন্দা এবং মো. মোস্তফার ছেলে। সোমবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে তাঁকে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, মোসলেহ উদ্দিন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেন। বিষয়টি স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতা ও স্থানীয় লোকজন তাঁকে বাড়ির সামনে থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের মোহাম্মদ রাসেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দাগনভূঞা থানায় একটি মামলা করেন। ওই মামলায় মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Link copied!