সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১২:১৬ পিএম

সংগৃহীত ছবি

টানা তিন দিনের উত্তেজনার পর একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস

রয়টার্স জানায়, হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনা এগিয়ে নিতে আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বৈঠকে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা হবে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এবং আপাতত সামরিক হামলা থেকে বিরত থাকতে দুই দেশ সম্মত হয়েছে।

এর আগে গত রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি মানা না হলে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে লেবানন সীমান্তেও উত্তেজনা অব্যাহত রয়েছে।

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে চলমান সংঘাতের কারণে ট্যাঙ্কার চলাচল বিঘ্নিত হলেও সাম্প্রতিক সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রস্তাবিত ১৪ দফা অন্তর্বর্তী শান্তি চুক্তির লক্ষ্য হচ্ছে চলমান সংঘাতের অবসান ঘটানো, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ সুগম করা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

Link copied!