প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১০:৪১ পিএম
নাইজেরিয়ার খনি খাতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আবিষ্কারের ঘোষণা এসেছে। দেশটির কাডুনা রাজ্যে সন্ধান পাওয়া গেছে একটি বিশ্বমানের বহুমুখী ধাতব খনিজ অঞ্চল। একই সঙ্গে রাজধানী আবুজার কাছাকাছি একটি খনি এলাকায় প্রায় ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম মজুদের তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবুজায় অনুষ্ঠিত ‘আফ্রিকান ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আবিষ্কার নাইজেরিয়ার অর্থনীতিকে অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমিয়ে খনিজভিত্তিক বহুমুখী অর্থনীতির দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।
নাইজেরিয়ার কঠিন খনিজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেলে আলা কাডুনার এই আবিষ্কারকে একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে অবিহিত করেছেন। তিনি জানান, পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি এবং উন্নত উৎপাদন শিল্পে ব্যবহৃত খনিজগুলোর বৈশ্বিক বাজারে এই আবিষ্কার নাইজেরিয়ার অবস্থানকে অনেক উঁচুতে নিয়ে যাবে।
নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সির যাচাই অনুযায়ী, নতুন এই খনিজ অঞ্চলে প্লাটিনাম গ্রুপ মেটাল, সোনা, নিকেল, তামা, লিথিয়াম এবং বিরল ধাতুসহ গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের উপস্থিতি রয়েছে।
এই আবিষ্কারের পেছনে কাজ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ‘স্টেরন মাইনিং’ এবং নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সির যৌথ উদ্যোগ। কাডুনার প্রকল্পের পাশাপাশি স্টেরন মাইনিং আবুজা খনি প্রকল্পেও প্রায় ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম রিজার্ভের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো, সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা প্রযুক্তিতে লিথিয়াম, নিকেল ও প্লাটিনামের চাহিদা দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে নাইজেরিয়ার নতুন খনিজ সম্পদ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।
দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় বিপুল খনিজ সম্পদ অব্যবহৃত অবস্থায় থাকলেও দেশটির মোট দেশজ উৎপাদনে এই খাতের অবদান ছিল সীমিত। তবে কাডুনা ও আবুজার নতুন খনি প্রকল্পগুলো সফলভাবে পরিচালনা করা গেলে আফ্রিকার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশটির অর্থনৈতিক চিত্রে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জ্বালানি রূপান্তরের বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের বৈশ্বিক বাজারে নাইজেরিয়া একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করার পথে এগিয়ে যাচ্ছে।
