প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের মধ্যে অলৌকিকভাবে বেঁচে থাকার এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর ১৮ দিনের এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
বুধবার দেশটিতে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরায় শুক্রবার শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত মানুষ শিশুটিকে জীবিত দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উদ্ধারের সময় শিশুটিকে কম্বলে মুড়িয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। পরে তাকে তার বাবার কাছে তুলে দেওয়া হয়। এর প্রায় ৯০ মিনিট পর শিশুটির মাকেও জীবিত উদ্ধার করা হয়।
ঘটনাটির ভিডিও ধারণকারী আন্দ্রেইনা কুইন্তেরোর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে মাকে জানানো হয় যে ভূমিকম্পের সময় নিজের শরীর দিয়ে শিশুটিকে ঢেকে রাখার কারণেই তিনি তার সন্তানের জীবন বাঁচাতে পেরেছেন।
উদ্ধার হওয়া এই শিশুর ঘটনা ভেনেজুয়েলায় চলমান ভয়াবহ মানবিক সংকটের মধ্যে আশার প্রতীক হয়ে উঠেছে। দেশটিতে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পরপর আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে এবং হাজারো মানুষ আটকা পড়েন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা পাঠিয়েছে।
