বুধবার ১৭, জুন ২০২৬

বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। ফলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে কোনো ফি প্রদান করতে হবে না।

অর্থ বরাদ্দ-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আগে পরীক্ষার ব্যয় নির্বাহে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি নেওয়ার পরিকল্পনা করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এ বিষয়ে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি না নেওয়ার বিষয়ে সরকারের নীতিগত অবস্থান রয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক দ্রুত অবহিত করবেন।’

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে চালু থাকা মিড-ডে মিল কর্মসূচি ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। শিক্ষার্থীবান্ধব আরও নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিবারের শিক্ষা-সংক্রান্ত ব্যয় কমিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে পরীক্ষার ফি নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. সাখাওয়াত হোসেন সোমবার বলেছিলেন, ‘পরীক্ষা নিতেই হবে, আর এর জন্য টাকা দরকার। কিন্তু এখন সরকারিভাবে প্রয়োজনীয় অর্থ দেওয়া যাচ্ছে না। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে এ সমস্যা থাকবে না, তখন শিক্ষার্থীদের কাছ থেকেও ফি নেওয়া হবে না।’

তিনি আরও জানান, পরীক্ষার ফি আদায়ের বিষয়ে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষার নীতির সঙ্গে এই সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে মত দেন শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, অর্থের পরিমাণ তুলনামূলক কম হলেও পরীক্ষার জন্য আলাদা ফি নির্ধারণ নীতিগতভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি অবৈতনিক শিক্ষার মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব প্রতিষ্ঠানে প্রতি বছর সাধারণত ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক এই তিন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

Link copied!