বুধবার ১৭, জুন ২০২৬

বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --

২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস, মুখর জাককানইবি

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১১:০৬ পিএম

জাককানইবিতে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ফুটবল উন্মাদনার ঢেউ লেগেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসেও। প্রিয় দলকে শুভকামনা জানাতে মঙ্গলবার ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রিয় দলকে অনুপ্রাণিত করা এবং নিজেদের ফুটবলীয় আবেগ প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করেন সমর্থকেরা। দুপুরের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের আর্জেন্টিনা সমর্থকেরা আকাশী সাদা জার্সি পরে, হাতে প্রিয় দলের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিদ্রোহী হলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় ব্যান্ডের তালে তালে এবং "আর্জেন্টিনা, আর্জেন্টিনা" স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদক্ষিণ করে। মিছিলটি জয়ধ্বনি মঞ্চ, নতুন কলা-বিজ্ঞান ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), নজরুল ভাস্কর্য, উন্নত মম শির, প্রশাসনিক ভবন এবং শিউলিমালা হল হয়ে বিশ্ববিদ্যালয়ের চিরচেনা বটতলা ঘুরে পুনরায় জয়ধ্বনি মঞ্চে এসে শেষ হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসে সম্প্রীতি ও উৎসবের আবহ তৈরি করে।

র্যালি শেষে জয়ধ্বনি মঞ্চে সমবেত সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দেওয়া হয়। সেখান থেকেই ফুটবলপ্রেমী সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো শিক্ষার্থীদের সরাসরি ও দলবদ্ধভাবে উপভোগ করার সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে টিএসসিতে এলইডি স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।

প্রশাসন ও ছাত্রদলের এ যৌথ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। র্যালিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, প্রথম ম্যাচের আগের দিন এমন একটি বর্ণাঢ্য র্যালি তাঁদের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস আরও বেড়েছে।

আলজেরিয়ার বিপক্ষে প্রিয় দল আর্জেন্টিনা দুর্দান্ত ও দাপুটে জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে বলে প্রত্যাশা করছেন জাককানইবির শত শত আর্জেন্টিনা সমর্থক।

Link copied!