প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
মেহেদী হাসান, রাঙামাটি।
রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনলাইন উপস্থিতি নিশ্চিত করতে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে একটি আমগাছের ডালে। মোবাইল নেটওয়ার্কের অভাবে বিদ্যালয় থেকে কয়েকশ ফুট উঁচু পাহাড়ে উঠে গাছে বসে হোয়াটসঅ্যাপে হাজিরার ছবি পাঠানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটেছে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের নতুন চালু হওয়া অনলাইন হাজিরা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনের উপস্থিতি নিশ্চিত করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন।
জানা গেছে, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনলাইন হাজিরা ব্যবস্থা চালু করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার মধ্যে হাজিরা খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
গত সোমবার (১৫ জুন) নতুন এ কার্যক্রমের প্রথম দিনেই বিপাকে পড়েন প্রধান শিক্ষক আবু তাহের। বিদ্যালয় এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় তিনি পাহাড়ে উঠে একটি আমগাছের ডালে বসে নেটওয়ার্কের সংযোগ পান এবং সেখান থেকেই অনলাইনে উপস্থিতির তথ্য পাঠান।
তার গাছে বসে মোবাইল ব্যবহার করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। অনেকেই দুর্গম এলাকার যোগাযোগ ও নেটওয়ার্ক সংকটের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো দুর্বল মোবাইল নেটওয়ার্ক সমস্যায় ভুগছে। ফলে প্রযুক্তিনির্ভর বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক-কর্মচারীদের প্রায়ই নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
