প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:১০ এএম
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এই পদে সরাসরি নিয়োগের ব্যবস্থা ছিল না; সাধারণত কনস্টেবল পদ থেকে পদোন্নতির মাধ্যমে এএসআই নিয়োগ দেওয়া হতো।
দীর্ঘদিন ধরে পুলিশে সরাসরি যোগদানের ক্ষেত্রে তিনটি প্রধান ধাপ ছিল-কনস্টেবল, স্নাতক পাস প্রার্থীদের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি)। নতুন এই উদ্যোগের ফলে প্রথমবারের মতো সাধারণ চাকরিপ্রার্থীরা সরাসরি এএসআই পদে আবেদন ও প্রতিযোগিতার সুযোগ পেয়েছেন।
আবেদন ও বেতন কাঠামো
পুলিশ সদর দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এএসআই (নিরস্ত্র) পদে আবেদন গ্রহণ শুরু হয় ২৮ এপ্রিল এবং শেষ হয় ২৭ মে। নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেলের গ্রেড-১৪ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে সরকারি বিধি অনুসারে মাসিক প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে।
মেধা ও কোটাভিত্তিক নিয়োগ
মোট শূন্য পদের ৯৩ শতাংশ পূরণ করা হবে মেধার ভিত্তিতে এবং অবশিষ্ট ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে-
- মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ
- শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ
জেলা অনুযায়ী শূন্য পদ
দেশের ৬৪টি জেলায় মোট ২,০০০ জন এএসআই (নিরস্ত্র) নিয়োগ দেওয়া হবে। শূন্য পদের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা জেলা, যেখানে পদ রয়েছে ১৬৭টি। এছাড়া চট্টগ্রামে ১০৬টি, কুমিল্লায় ৭৫টি, ময়মনসিংহে ৭১টি এবং সিলেটে ৪৮টি পদ খালি রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম পদ রয়েছে বান্দরবানে, যেখানে শূন্য পদের সংখ্যা মাত্র ৫।
নিয়োগের উদ্দেশ্য
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অপরাধের পরিবর্তিত ধরন মোকাবিলা এবং মাঠপর্যায়ের প্রশাসনিক, দাপ্তরিক ও তদন্ত কার্যক্রমে শিক্ষিত ও দক্ষ জনবল যুক্ত করার লক্ষ্যেই সরাসরি এএসআই নিয়োগের এই ব্যবস্থা চালু করা হয়েছে।
এ বিষয়ে আফরিদা রুবাই বলেন, বাংলাদেশ পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগ পরীক্ষা এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। তার মতে, এই পদক্ষেপ মাঠপর্যায়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং স্বচ্ছতার সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
