বুধবার ১৭, জুন ২০২৬

বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --

জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:৪০ পিএম

জাতীয় মঞ্চে রাবি সায়েন্স ক্লাব। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব জাতীয় পর্যায়ের বিজ্ঞান আয়োজনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করে সংগঠনটি।

সোমবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে আয়োজিত সায়েন্স শোতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আমন্ত্রণে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের সায়েন্স শো টিম।

অনুষ্ঠানে দলটি ১৫টির বেশি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় এক্সপেরিমেন্ট প্রদর্শন করে দর্শকদের ব্যাপক সাড়া অর্জন করে। প্রদর্শিত এক্সপেরিমেন্টগুলোর মধ্যে ছিল জিনের বোতল, লেজিবল, দৈত্যের ধোঁয়া, সিংগিং পাইপ, ব্ল্যাক স্নেক্স, টাকার আগুন এবং ঘূর্ণায়মান বল।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ, আজীবন সদস্য ও সাবেক সহসভাপতি মো. আসাদুল ইসলাম এবং রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ক্লাবের সাবেক সহসভাপতি তোফায়েল আহমদ তোফা।

এ সময় তোফায়েল আহমদ তোফা বিজ্ঞান জনপ্রিয়করণে রাবি সায়েন্স ক্লাবের অবদান ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ সংগঠনটির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এর ভূমিকা তুলে ধরেন।

সায়েন্স শোর সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় নেতৃত্ব দেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান। তাঁর সঙ্গে সায়েন্স শো টিমে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, যোগাযোগ সম্পাদক মো. নয়ন উদ্দিন, অর্গানাইজার আবদুর রহমান খালিদ এবং মাহির আবসার অয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মনিরুজ্জামান এবং সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছার।

এ পর্যায়ে ড. মো. মনিরুজ্জামান রাবি সায়েন্স ক্লাবের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং বলেন, "রাবি সায়েন্স ক্লাবের শো দর্শকদের অনুপ্রাণিত করেছে। বিজ্ঞানকে যে এত প্রাণবন্তভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখানো যায় সেটি রাবি সায়েন্স ক্লাব করে দেখিয়েছে। এটি আগামী প্রজন্মের বিজ্ঞান চর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।"

এই অংশগ্রহণকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে জাতীয় পর্যায়ের বিজ্ঞান আয়োজনে এটি তাদের প্রথম সাফল্য নয়। এর আগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫-এর কেন্দ্রীয় কর্মসূচিতেও দর্শকদের মুগ্ধ করেছিল সংগঠনটি।

এবারের সায়েন্স শোতে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, অভিভাবক এবং জাদুঘরে আগত দর্শনার্থীরাও প্রদর্শনী উপভোগ করেন।

বিজ্ঞান জনপ্রিয়করণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রাবি সায়েন্স শো টিম। রাজশাহী, ঢাকা, বরগুনা, নাটোর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানপিপাসু শিক্ষার্থীদের পাঠ্য জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Link copied!