প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি দাবি করেছেন, দীর্ঘদিনের অবহেলা ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে দেশের শিক্ষা খাত কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “দেশের এইচএসসি লেভেলকে সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান।” তার মতে, গত দুই দশকের নানা অব্যবস্থাপনা ও অবহেলার প্রভাব পড়েছে দেশের পুরো শিক্ষা ব্যবস্থায়।
তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার ভিত্তি দুর্বল হয়েছে। এর প্রভাব উচ্চশিক্ষার ক্ষেত্রেও পড়ছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়টিও আলোচনায় আসে বলে জানান প্রতিমন্ত্রী।
শিক্ষার এই পরিস্থিতি পরিবর্তনে সরকার বড় ধরনের উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ব্যবস্থা এবং শিক্ষা অবকাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমকে শিক্ষার অংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গঠনমূলক সমালোচনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
