বুধবার ১৭, জুন ২০২৬

বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --

ডিগ্রি ও ফাজিল শিক্ষার্থীদের উপবৃত্তিতে নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:১৬ এএম

প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি কর্মসূচির অনলাইন আবেদনের সময় আরও ১১ দিন বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে ভর্তি হয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখন ২৫ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন করতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ প্রবেশ করে নির্ধারিত তথ্য জমা দিতে হবে।

‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’-এর শর্তাবলি অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন গ্রহণের শেষ সময় ছিল ১৪ জুন; তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ২৫ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য আবেদন ফরওয়ার্ড করার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। আগে এই কাজের শেষ তারিখ ছিল ২১ জুন, যা এখন ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উপবৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

সম্পূর্ণ কার্যক্রম অনলাইনে পরিচালিত হওয়ায় আবেদনপত্রের কোনো হার্ড কপি ট্রাস্টে জমা দেওয়ার প্রয়োজন নেই।

আবেদন–সংক্রান্ত সহায়তার জন্য অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করা যাবে: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬।

Link copied!