বুধবার ১৭, জুন ২০২৬

বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --

ইরানের লড়াইয়ে শেষ হলো ২-২ রোমাঞ্চকর ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:২২ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ ইরানের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিউজিল্যান্ড। তবে দুইবার পিছিয়ে পড়ার পরও হাল না ছেড়ে শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়ে ম্যাচ শেষ করে ইরান। ‘জি’ গ্রুপের এই লড়াই অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে।

নিউজিল্যান্ডের হয়ে দুটি গোলই করেন এলিজা জাস্ট। অন্যদিকে ইরানের পক্ষে গোল করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

ম্যাচজুড়ে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল নিউজিল্যান্ড। তারা ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে ইরানের দখলে ছিল ৪৭ শতাংশ। তবে আক্রমণের দিক থেকে ইরান ছিল বেশি সক্রিয়; তারা ১৭টি আক্রমণ পরিচালনা করে, নিউজিল্যান্ড করে ১৩টি। লক্ষ্যে শটের সংখ্যায়ও এগিয়ে ছিল নিউজিল্যান্ড, তাদের ৮টি শট অন টার্গেটের বিপরীতে ইরানের ছিল ৪টি।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। নিজেদের অর্ধ থেকে গোলরক্ষকের লম্বা ক্লিয়ারেন্স ধরে আক্রমণ গড়ে তোলেন অধিনায়ক ক্রিস উড। তার পাস থেকে বল পান এলিজা জাস্ট, পরে সারপ্রিত সিংয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ার মাধ্যমে আবার বল ফিরে আসে জাস্টের কাছে। সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

প্রথম দিকে গোল হজম করে কিছুটা চাপে পড়ে ইরান। তবে তারা দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যায়। ধারাবাহিক আক্রমণের ফল মেলে ৩২তম মিনিটে। সালমান গহদ্দোসের চমৎকার থ্রু পাস থেকে তৈরি হওয়া আক্রমণে শাহরিয়ার মগহানলৌয়ের শট প্রতিহত হলেও রিবাউন্ডে বল চলে আসে রামিন রেজাইয়ানের কাছে। তিনি সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে ইরান একবার জালও খুঁজে পায়। রামিনের ক্রসে নেমাতি বল জালে পাঠালেও সহকারী রেফারি অফসাইডের সংকেত দিলে গোলটি বাতিল হয়ে যায়। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আবারও আঘাত হানে নিউজিল্যান্ড। ম্যাচের ৫৪তম মিনিটে ক্রিস উডের পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এলিজা জাস্ট। তার দ্বিতীয় গোলেই আবারও লিড নেয় নিউজিল্যান্ড।

তবে সেই সুবিধা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিউইরা। ৬৪তম মিনিটে ডান প্রান্ত থেকে রামিন রেজাইয়ানের দারুণ এক ক্রসে উড়ে এসে হেড করেন মোহাম্মদ মোহেবি। তার নিখুঁত হেড পোস্টে লেগে জালে জড়ালে আবারও সমতায় ফিরে আসে ইরান।

ম্যাচের বাকি সময়ে উভয় দলই জয়ের লক্ষ্যে একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ২-২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

আগামী ২২ জুন নিজেদের পরবর্তী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। একই দিনে মিশরের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

Link copied!