বুধবার ১৭, জুন ২০২৬

বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --

ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনার কবলে মার্কিন বি-৫২ বোমারু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:৪৩ এএম

ছবি: সংগৃহীত

মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটির কাছাকাছি এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। ঘাঁটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিমানটি ভূপাতিত হওয়ার পর ঘটনাস্থলের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এক বিবৃতিতে অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী ও নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সময়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু করেছে মার্কিন বিমানবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ঘাঁটি কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সেখানে অবতরণের নির্ধারিত বিমানগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হচ্ছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য পাস ইস্যু স্থগিত রাখা হয়েছে।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘদিন ব্যবহৃত কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন সামরিক বাহিনীর বহরে রয়েছে। বিশাল আকৃতির এই বিমানের জনপ্রিয় ডাকনাম ‘দ্য বাফ’, যা ‘বিগ আগলি ফ্যাট’ শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ। সাম্প্রতিক সময়ে ইরানে পরিচালিত হামলায়ও এ ধরনের বিমান ব্যবহারের খবর পাওয়া গেছে।

প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে বি-৫২ সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং প্রায় ৭০ হাজার পাউন্ড পর্যন্ত সমরাস্ত্র বহনে সক্ষম। এটি শত শত প্রচলিত বোমার পাশাপাশি ৩২টি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রও বহন করতে পারে।

সাধারণত এই বোমারু বিমানে পাঁচ সদস্যের ক্রু দল থাকে। তাদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর এবং একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকেন।

এদিকে দুর্ঘটনার পর মার্কিন কংগ্রেস সদস্য জে ওবারনোলটে ফেসবুকে এক পোস্টে সংশ্লিষ্ট ক্রু সদস্য, তাদের পরিবার এবং উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা জানিয়েছেন।

তথ্যসূত্র: বিবিসি

Link copied!