সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

দেশের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে প্রতিটি সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার। একই সঙ্গে দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নিশ্চিত করতে গ্রামভিত্তিক তথ্য সংগ্রহ ও পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। পাশাপাশি কোনো গ্রাম যেন প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে ম্যাপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোববার (১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের জনসংখ্যাগত সুবিধাকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন।

উচ্চশিক্ষার প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিল্প খাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীসহ বিভিন্ন শিক্ষাবিদ ও ইউনিসেফের কর্মকর্তারা অংশ নেন।

Link copied!