প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এর সঙ্গে আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকাল ৪টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এবং কর্মীদের শুভেচ্ছা ও স্বাগত জানান।
উপ-উপাচার্যদ্বয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কন্ঠস্বর হোক। শিক্ষার্থীবান্ধব সকল কাজে এবং ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উপ-উপাচার্যদ্বয় বলেন, এ বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে, এসব স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলের সহযোগিতা লাগবে। উপস্থিত সবাইকে উপ-উপাচার্যদ্বয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ছাত্রদলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং নানা বিষয়ে উপ-উপাচার্যদ্বয়কে অবহিত করেন। বিশেষ করে আবাসন, নিরাপত্তাহীনতা এবং আধুনিক সুযোগ-সুবিধার অভাবসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতৃবৃন্দ।
শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপ-উপাচার্যদ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় প্রমুখ, এসময় শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও এস্টেট শাখার প্রশাসক প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ।
