বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

বাজেটে বরাদ্দ না থাকায় ২ মাস বেতন পাননি নতুন এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৩:১০ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ছবি: সংগৃহীত

নতুন এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের গত দুই মাসের বেতন বন্ধ থাকার পেছনে অন্তর্বর্তী সরকারের বাজেটসংক্রান্ত ত্রুটিকে দায়ী করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আগামী জুলাই মাসে নিয়মিত বেতনের পাশাপাশি বকেয়া দুই মাসের বেতনও পরিশোধ করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, গত সেপ্টেম্বর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন শিক্ষক সংকট থাকায় এসব পদে নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও সংশ্লিষ্ট শিক্ষকদের বেতনের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ সংযোজন করা হয়নি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায় নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন দিতে অতিরিক্ত ৫০১ কোটি টাকার প্রয়োজন, কিন্তু সেই বরাদ্দ বাজেটে ছিল না। ফলে গত দুই মাস ধরে মাদরাসার নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বেতন থেকে বঞ্চিত হয়েছেন।

বেতন না পাওয়া শিক্ষকদের আশ্বস্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী জুলাই মাস থেকেই তারা নিয়মিত বেতন পাবেন। একই সঙ্গে বকেয়া দুই মাসের বেতনও জুলাই মাসের মধ্যেই পরিশোধ করা হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!