প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১০:৫৩ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি হলের নাম ‘আবরার হল’ করার উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৭ জুন) বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটে সংঘটিত আবরার ফাহাদের হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি বেদনাদায়ক ঘটনা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ঘটনার শিক্ষা পৌঁছে দিতে এবং স্মৃতি ধরে রাখতে একটি হলের নাম ‘আবরার হল’ রাখা প্রয়োজন।
তিনি বলেন, "আমি এই হলের নাম 'আবরার হল' করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব। যদি এটি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে ওই হলে আবরারের স্মরণে দুটি দিবস পালন করা হবে। সেই স্মৃতি থেকে আমরা শিক্ষা নেব, যাতে রাজনৈতিক বা অন্য কোনো কারণে আর কোনো মেধাবী শিক্ষার্থী এমন পরিণতির শিকার না হয়।"
তিনি আরও বলেন, দেশের শিল্পখাতের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং প্রকৌশল শিক্ষায় আসনসংখ্যা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন তিনি।
