প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১০:১৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার (২৭ জুন) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট সভায় তিনি এ ঘোষণা দেন।
সিনেট সভায় উপাচার্য জানান, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। এবার ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ৭ম সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সিনেট সদস্যদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।
অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সমাবর্তন আয়োজনের প্রস্তুতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপাচার্যের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সিনেট অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মনোনীত শিক্ষার্থী প্রতিনিধিদের সিনেটে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারাবাহিকতায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তবে এবারের সিনেট অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ থাকলেও সদ্য নির্বাচিত জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন না।
বার্ষিক সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ২০২৫ সালের ২৮ জুন অনুষ্ঠিত সিনেটের ৪২তম বার্ষিক সভার কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিতকরণের বিষয়টিও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট সদস্য, মনোনীত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
