প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর নবনিযুক্ত পরিচালক ডা. কাজী আহমেদ জাকীকে বরণ এবং বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীনকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) আইইডিসিআর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীনের দীর্ঘ কর্মজীবনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন নবনিযুক্ত পরিচালক ডা. কাজী আহমেদ জাকী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবনিযুক্ত পরিচালক সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আইইডিসিআর একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ পরিবারের নাম। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি আশা করি, আমরা সবাই মিলে জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করব এবং জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হব।"
আইইডিসিআর-এর মেডিকেল অফিসার (এপিডেমিওলজি) ডা. মো. ফয়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা আমিনা আক্তার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট কাজী মাছুম ও মোহাম্মদ আলী জিন্নাহ, মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান ও ডা. জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সোহেল রহমান ও ডা. মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মোনালিসা ও ডা. শারমিন সুলতানা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রত্না দাস, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুস্তাক আহমেদ এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক নওশের আলম।
বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন তাঁর বক্তব্যে আইইডিসিআর-এর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার কথা স্মরণ করে তিনি প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
সমাপনী বক্তব্যে ডা. কাজী আহমেদ জাকী প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও দলগত মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
পরে নবনিযুক্ত ও বিদায়ী পরিচালকের প্রতি শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
