বুধবার ২৭, মে ২০২৬

বুধবার ২৭, মে ২০২৬ -- : -- --

ঈদুল আজহায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ১৮ দফা নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৫৪ এএম

প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখতে ১৮ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি সেবা, জনবল ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং রোগীসেবার মান নিশ্চিত করাই এসব নির্দেশনার মূল লক্ষ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরে জারি করা এ নির্দেশনায় ঈদের ছুটির সময় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি সেবা ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ

নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিয়ে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জরুরি ইউনিট, লেবার রুম, অপারেশন থিয়েটার, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই সেবা ২৪ ঘণ্টা সচল রাখতে হবে।

জনবল ও ছুটি ব্যবস্থাপনা

জনবল সংকট এড়াতে ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে, জরুরি চিকিৎসা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছুটি অনুমোদন করতে হবে। প্রয়োজনে জেলার ভেতরে সিভিল সার্জনের সমন্বয়ে জরুরি জনবল সমন্বয়ের সুযোগ রাখা যাবে।

বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকি ও শিশু সেবা

হাসপাতালের বিভাগীয় প্রধানদের প্রতিদিন কার্যক্রম তদারকি করতে বলা হয়েছে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন-কলে সেবা নিশ্চিত করতে হবে। শিশু ও হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখতে হবে এবং দিনে দুইবার বিশেষজ্ঞ চিকিৎসকের রাউন্ড বাধ্যতামূলক করা হয়েছে।

ওষুধ, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা প্রস্তুতি

ঈদের আগেই প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, কেমিক্যাল ও সার্জিক্যাল সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকেই অবহিত করতে বলা হয়েছে।

বহির্বিভাগ ও বেসরকারি হাসপাতালের নির্দেশনা

হাসপাতালের বহির্বিভাগ একটানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আউটডোর চালু রাখতে হবে। অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিবন্ধিত চিকিৎসকের অধীনে ২৪ ঘণ্টা জরুরি ও প্রসূতি সেবা চালু রাখতে হবে। রোগী রেফারের আগে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা এবং অপ্রয়োজনে রেফার না করার ওপরও জোর দেওয়া হয়েছে।

পশুর হাট ও দুর্ঘটনা মোকাবিলা প্রস্তুতি

কোরবানির পশুর হাটের আশপাশের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি রাখতে বলা হয়েছে। একই সঙ্গে যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগের তথ্য দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঈদের ছুটির সময় সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত না হয় এবং জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়-এ লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!