বুধবার ২৭, মে ২০২৬

বুধবার ২৭, মে ২০২৬ -- : -- --

ঈদের ছুটিতেও থেমে থাকবে না চিকিৎসাসেবা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৪৯ এএম

প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে চলছে দীর্ঘ ছুটি। হামের সংক্রমণ পরিস্থিতির মধ্যেও সরকারি সাত দিনের এই ছুটিতে হাসপাতালগুলো কীভাবে সেবা দেবে-এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ ছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনার মাধ্যমে বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে জরুরি ও নিয়মিত চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখতে হবে। একই সঙ্গে ঈদের ছুটির সময় বড় হাসপাতালগুলোতে বিশেষ রোস্টার করে জনবল সাজানো হয়েছে, যাতে সেবা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

হাসপাতালগুলোতে থাকবে পূর্ণ প্রস্তুতি

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মেজবাউর রহমান গণমাধ্যমকে জানান, ঈদের সময়েও সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা চালু থাকবে। রোগীদের সেবা দিতে প্রয়োজনীয় রোস্টার তৈরি করা হয়েছে এবং চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।

অন্যদিকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ নুর গণমাধ্যমকে বলেন, ঈদের দিনগুলোতেও ইনডোর, ইমার্জেন্সি এবং জরুরি সব সেবা সচল থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোনো হাসপাতালকে ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না। সেই নিয়ম মেনেই ২৬ ও ৩০ মে সব বিভাগ পুরোপুরি খোলা থাকবে। একই সঙ্গে ২৭, ২৮ ও ২৯ মে কেবল বহির্বিভাগ (আউটডোর) সেবা বন্ধ থাকবে, তবে জরুরি বিভাগ ও ইনডোর সেবা চালু থাকবে। পাশাপাশি চিকিৎসকরা অনলাইনের মাধ্যমে পরামর্শ দেবেন এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা প্রদান করবেন।

বিএমইউতে সীমিত সময়ে বহির্বিভাগ সেবা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠানটির নির্ধারিত ছুটি থাকবে। তবে এই সময়েও জরুরি ও ইনডোর সেবা চালু থাকবে। শুধু ২৭ মে ও ৩০ মে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ খোলা রাখা হবে, যেন রোগীরা সীমিত সময়ের মধ্যে চিকিৎসা নিতে পারেন। এই দুই দিনের সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।

সারাদেশে চলবে চিকিৎসাসেবা

শুধু রাজধানীর বড় হাসপাতাল নয়, দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালেই ঈদের সময় জরুরি চিকিৎসাসেবা সচল থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে আগে থেকেই প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে, যাতে ছুটির মধ্যেও রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

সব মিলিয়ে বলা যায়, ঈদের ছুটিতেও দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সচল রাখার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে জরুরি মুহূর্তে কোনো রোগীকেই সমস্যায় পড়তে না হয়।

Link copied!