প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১২:২১ এএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংবাদ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করে প্রচার করা হয়েছে। মন্ত্রণালয় এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী সেখানে বলেছিলেন, ‘মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাঁদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।’
একই বক্তব্যে তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সরকারের নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনার খবর প্রচার করা হয়েছে, যা সত্য নয়।
এ কারণে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংবাদকে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে এ ধরনের তথ্য প্রচার ও শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
