প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
দেশব্যাপী শিশুদের পুষ্টি সুরক্ষায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ২৮ জুন এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চালু হবে। ক্যাম্পেইনটি সফল করতে কাজ করছি। আগামী ৩-৪ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে জানানো হবে, ঠিক কবে থেকে এটি শুরু হচ্ছে।”
তিনি আরও জানান, ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিশুদের ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণ ও অপুষ্টি প্রতিরোধে দেশজুড়ে এই কর্মসূচি পরিচালনা করা হবে।
