বুধবার ১০, জুন ২০২৬

বুধবার ১০, জুন ২০২৬ -- : -- --

বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের মাসিক ভাতা প্রদানের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৮:৫১ এএম

প্রতীকী ছবি

এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের নিয়মিত মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট-২ শাখা থেকে মঙ্গলবার (৯ জুন) একটি নির্দেশনা জারি করা হয়েছে। 

উপসচিব আলাউদ্দিন আলীর সই করা ওই নির্দেশনায় বলা হয়, ৮ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসক ভাতার আওতায় অন্তর্ভুক্ত হবেন। একই সঙ্গে তাদের ভাতা প্রতি মাসে নিয়মিতভাবে পরিশোধের ব্যবস্থা করা হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সভার সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ সংক্রান্ত চিঠির অনুলিপি অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সচিবকেও অনুলিপি প্রদান করা হয়েছে।

Link copied!