রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

এমসি কিংসের হাতে রিপোর্টার্স ইউনিটির ফুটসাল শিরোপা

ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম

টাইব্রেকারে জয় নিশ্চিত করে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এমসি কিংস দলের সদস্যরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে টাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘এমসি কিংস’। 

শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকার ক্রসবার ইনডোর মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিটির দুটি দল অংশ নেয়। নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে উভয় দল ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে এমসি কিংস এবং শিরোপা নিজেদের করে নেয়।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পুরো ম্যাচজুড়ে ছিল উত্তেজনাপূর্ণ লড়াই ও পাল্টাপাল্টি আক্রমণ। নির্ধারিত সময়ে কোনো দলই ব্যবধান গড়ে তুলতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ফাহিম আহমদ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও এমসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ। তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, "সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সুস্থ ক্রীড়াচর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতেও সহায়ক।"

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাবেক সহসভাপতি শ্রীবাস দাস এবং কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ রাকিবুল হাসান রাফি। তাঁরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ক্রীড়া কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকেরা জানান, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং সংগঠনের সদস্যদের মধ্যে সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যেই এ ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়।

Link copied!