প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় প্রদর্শনের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত আবারও কেন্দ্রীয়ভাবে খেলা দেখার আয়োজন করা।
জানা গেছে, বিশ্বকাপ শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রজেক্টরের মাধ্যমে নিয়মিত খেলা প্রদর্শন করা হচ্ছিল। তবে গত ৭ জুলাই রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ চলাকালে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটায় প্রশাসন বড় পর্দায় খেলা দেখানো সাময়িকভাবে বন্ধ করে দেয়।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের সমালোচনা করেন এবং ফাইনালসহ বাকি ম্যাচগুলো পুনরায় বড় পর্দায় দেখানোর দাবি জানান। তাদের বক্তব্য, কয়েকজনের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে পুরো শিক্ষার্থী সমাজকে বঞ্চিত করা উচিত নয়।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী স্বর্ণালী বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে একসঙ্গে বড় পর্দায় বিশ্বকাপ উপভোগ করার সুযোগ খুবই সীমিত। তাই শৃঙ্খলা নিশ্চিত করে পুনরায় খেলা দেখার আয়োজন করা প্রয়োজন।
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসাইন বলেন, বিশ্বকাপ কোটি মানুষের আবেগের জায়গা। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসনের উচিত ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা।
একই দাবি জানিয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইদুল হক নোমান বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো আয়োজন বন্ধ হয়ে যাওয়া হতাশাজনক। নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সবাইকে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ দেওয়া উচিত।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি বিবেচনা করে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখানোর উদ্যোগ নেবে।
