রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ দিবস’ পালিত, উঠল নতুন হল নির্মাণের দাবি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাসে পালিত হয়েছে ‘শহিদ মীর মুগ্ধ দিবস’।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান এবং জুলাই আন্দোলনে আহতদের সম্মাননা প্রদানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ প্রাঙ্গণে স্থিরচিত্র প্রদর্শনীর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনার উপস্থিতিতে শহিদ মীর মুগ্ধের স্মরণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, মীর মুগ্ধ ও সাকিব রায়হানের আত্মত্যাগ নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা হয়ে থাকবে। কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আবেগঘন বক্তব্যে শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, দেশের তরুণরা মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করুক, এটাই তাঁর প্রত্যাশা।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মুগ্ধের নামে একটি আবাসিক হল নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করলেও আবাসন সংকট, ভূমির স্বল্পতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. নূরুন্নবী, শহিদ সাকিব রায়হানের বাবা, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এতে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তর, ভূমি সংকট নিরসন, শহিদ মীর মুগ্ধের নামে আবাসিক হল নির্মাণ এবং শিক্ষা-গবেষণা সম্প্রসারণে প্রয়োজনীয় জমি বরাদ্দের দাবি জানানো হয়।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে জুলাই আন্দোলনে আহতদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ।

 
 
 
Link copied!