শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

আবারও আর্জেন্টাইন রেফারি, যে পরিসংখ্যান আশা দেখাচ্ছে মরক্কোকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০১:৫৮ এএম

ফাইল ছবি

চলমান ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মরক্কোর ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো। এই নিয়োগ নিয়ে আলোচনা থাকলেও মরক্কোর সমর্থকদের জন্য রয়েছে একটি ইতিবাচক পরিসংখ্যান। ফিফা বিশ্বকাপে আর্জেন্টাইন রেফারিদের পরিচালনায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি আটলাস লায়ন্সরা। তিন ম্যাচে তাদের রেকর্ড একটি জয় ও দুটি ড্র।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মূল্যবান ড্র

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে মরক্কোর গোলশূন্য ড্রয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন আর্জেন্টাইন রেফারি ফার্নান্দো রাপাল্লিনি। সেই গুরুত্বপূর্ণ এক পয়েন্টই পরে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে ওঠার ভিত্তি গড়ে দেয় মরক্কোর।

স্পেনকে হারিয়ে ইতিহাস

২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর স্পেন-মরক্কো ম্যাচেও দায়িত্বে ছিলেন রাপাল্লিনি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় মরক্কো। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে ইতিহাস গড়ে উত্তর আফ্রিকার দেশটি। যদিও ফিফার রেকর্ডে ম্যাচটি ০-০ ড্র হিসেবেই নথিভুক্ত।

ফাকুন্দো তেয়োর বাঁশিতে সেমিফাইনালের ইতিহাস

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষেও রেফারির দায়িত্বে ছিলেন ফাকুন্দো তেয়ো। ইউসুফ এন-নেসিরির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে মরক্কো। ম্যাচের শেষ দিকে মরক্কোর বদলি খেলোয়াড় ওয়ালিদ চেদিরাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেন তেয়ো।

এবার ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও আবার ফাকুন্দো তেয়োর বাঁশিতে মাঠে নামছে মরক্কো। অতীতের রেকর্ড বলছে, আর্জেন্টাইন রেফারিদের অধীনে বিশ্বকাপে এখনো অপরাজিত আটলাস লায়ন্সরা। তাই পরিসংখ্যান অন্তত ফ্রান্সের বিপক্ষে মরক্কোকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতেই পারে।

 

 
Link copied!