প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) কক্সবাজার ৩৪ বিজিবি ও উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে যশোরের শার্শা উপজেলার তিন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের পেটের ভেতর থেকে ২ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অপরদিকে, উখিয়ার জীম্বংখালী বিওপির বিশেষ অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি পোটলা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই পোটলা তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
