প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই শহিদ নুরুল আমিনের পিতা ছৈয়দ নূর, তালিকাভুক্ত জুলাই যোদ্ধারা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা আফাজ, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু. মহিউদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহিদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
