বুধবার ১৫, জুলাই ২০২৬

বুধবার ১৫, জুলাই ২০২৬ -- : -- --

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিললো রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১১:০৯ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ফিফার রেফারি প্যানেল থেকে বাদ পড়া নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচ অফিশিয়াল রব ডিপেরিঙ্ক মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) সকালে দেশটির বোরকোলু শহরে নিজ বাসভবনের সামনের সড়ক থেকে ৩৮ বছর বয়সী এই রেফারির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে।

 

ডাচ সংবাদমাধ্যম দে টেলিগ্রাফ জানিয়েছে, বোরকোলুর কোর্টে মোলেনস্ট্রাট এলাকার বাসভবনের সামনে থেকে ডিপেরিঙ্কের মরদেহ উদ্ধার করা হয়। তবে গোপনীয়তার স্বার্থে মৃত্যুর কারণ বা তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।

 

ডিপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ফিফা রেফারি রব ডিপেরিঙ্কের প্রয়াণে আমরা স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। রবের চলে যাওয়ার মাধ্যমে রেফারি অ্যাসোসিয়েশন একজন অত্যন্ত মূল্যবান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন রেফারিকে হারাল, তবে সর্বোপরি আমরা হারালাম একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তার পরিবার ও বন্ধুদের সাথে রয়েছে।’

 

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যতম প্রধান ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে ড্যানি মাকিলির সহকারী হওয়ার কথা ছিল ডিপেরিঙ্কের। কিন্তু গত এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলে ফিফা তাৎক্ষণিকভাবে তাকে বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়।

 

পরে ব্রিটিশ পুলিশ তদন্ত শেষে পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে মে মাসেই মামলাটি খারিজ করে দেয় এবং তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানায়। তবে অভিযোগ থেকে অব্যাহতি পেলেও ফিফা তাকে বিশ্বকাপের চূড়ান্ত রেফারি তালিকায় পুনর্বহাল করেনি।

 

মামলা থেকে খালাস পাওয়ার পর ডিপেরিঙ্ক বলেন, ‘মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল। আমি পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফাকে শুরুতেই সবকিছু খোলাখুলি জানিয়েছিলাম। তদন্তের পর দুই সপ্তাহের মধ্যে মামলাটি খারিজ হয়ে যায়। কিন্তু এত কিছুর পরও ফিফা আমাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আমি গভীরভাবে মর্মাহত হয়েছি।’

 

অন্যদিকে, ব্রিটিশ পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ার পর শুরু থেকেই ডিপেরিঙ্কের পাশে থাকা ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে পুনরায় নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে ম্যাচ পরিচালনার অনুমতি দেয়।

 

২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ পর্যায়ের ফুটবলে রেফারিং ক্যারিয়ার শুরু করেন রব ডিপেরিঙ্ক। এরেডিভিসিতে তিনি মোট ৮৪টি ম্যাচ পরিচালনা করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি একজন অভিজ্ঞ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়ান তিনি। ২০২৪ সালের ৩ মে ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

Link copied!