প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১০:১৪ এএম
দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে জাপানি ভাষা অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জালটাব)। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রয়োজনীয় গবেষণায় সহযোগিতারও আশ্বাস দিয়েছে জালটাব ও জাপান ফাউন্ডেশন।
শুক্রবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগে ‘বাংলাদেশের মাধ্যমিক স্কুল পর্যায়ে জাপানি ভাষা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে বক্তাদের বক্তব্যে তা উঠে আসে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ জালটাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম বলেন, ‘বর্তমানে বাংলাদেশি তরুণদের মধ্যে জাপানি ভাষা শেখার আগ্রহ ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতায় মাধ্যমিক স্তর থেকেই জাপানি ভাষা শিক্ষার সুযোগ তৈরি করা প্রয়োজন। জাপান ফাউন্ডেশন ও জালটাব যৌথভাবে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং প্রয়োজনীয় জরিপ ও গবেষণাসহ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’
ভার্চুয়ালি যুক্ত থেকে জাপান ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র বিশেষজ্ঞ কেই শিরাই বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং জালটাবের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘স্কুল পর্যায়ে জাপানি ভাষা চালুর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।’
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জুয়াবের শিক্ষক ফজিলাতুন্নেসা শিউলি ভাষা শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের শেষ পর্বে জালটাবের সাধারণ সম্পাদক কুনিয়াকি ওকাবায়াশি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সংগঠনের একটি প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে জাপান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ তোমোয়ুকি ফুকুই এবং জালটাবের সাধারণ সম্পাদক কুনিয়াকি ওকাবায়াশি উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর একাডেমিক প্র্যাকটিস অ্যান্ড রিসোর্সেসের টিচিং ফেলো আহমেদুর আজম এবং জাপানের আইচি ইউনিভার্সিটি অব এডুকেশনের গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশনের পিএইচডি গবেষক তারেক রহমান।
