প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
কিশোরগঞ্জ সদর উপজেলার ভট্টাচার্যপাড়া, আমাটি ও শিবপুর এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় সুভাষ ডাক্তারের বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাদক ও জুয়া বিরোধী কমিটি, কিশোরগঞ্জ সদর-এর আহ্বায়ক শামসুল ইসলাম শামীম।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা (মারুফ)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিডি চ্যানেল ফোর ডটকম-এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি, জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জোবায়ের আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব দিদার জামান বাপ্পী।
গুরুদয়াল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, মাদক যুবসমাজ ও সমাজব্যবস্থার জন্য বড় হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকসেবী ও মাদক কারবারিদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সভায় উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
