রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

কৃষি ও সবুজায়নে শেকৃবিতে ‘সবুজ বাংলাদেশ সম্মেলন-২০২৬’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

শেকৃবিতে কৃষি ও সবুজায়ন নিয়ে সম্মেলন

বাংলাদেশের কৃষি, ছাদবাগান ও পরিবেশবান্ধব সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সবুজ বাংলাদেশ সম্মেলন-২০২৬’। কৃষির উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, নগর সবুজায়ন এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির প্রত্যয়ে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সাড়ে ৪০০ মানুষ অংশ নেন।

শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের অডিটোরিয়ামে ‘সবুজ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, সম্মেলনে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ কৃষি উদ্যোক্তাদের পাশাপাশি কৃষি, ছাদবাগান ও পরিবেশ সংরক্ষণে আগ্রহী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে কৃষির বর্তমান চ্যালেঞ্জ, নিরাপদ খাদ্য উৎপাদন, ছাদবাগানের সম্প্রসারণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের কৃষির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

তাদের মতে, শুধু কৃষি ও সবুজায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নয়, নতুন প্রজন্মকেও কৃষিমুখী করে তোলাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কৃষি ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ততা আরও বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্মেলনের অন্যতম আয়োজক মো. মারুফ হাসান বলেন, প্রথম আয়োজনেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। নতুন অনেক মানুষ কৃষি ও সবুজায়নের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য নগর ও দেশব্যাপী সবুজায়ন সম্প্রসারণ এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা। ‘সবুজ বাংলাদেশ’ প্ল্যাটফর্ম কৃষকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি উপকরণের ক্রমবর্ধমান মূল্য নিয়ে আমরা কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, প্রথম আয়োজনের ব্যাপক সাড়া ভবিষ্যতে এ উদ্যোগকে দেশব্যাপী একটি বৃহৎ আন্দোলনে রূপ দিতে অনুপ্রেরণা জোগাবে।

দিনব্যাপী সম্মেলনে দেশের বিশিষ্ট কৃষিবিদ, গবেষক, সফল কৃষি উদ্যোক্তা, ছাদবাগানি, কৃষিপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা কৃষি ও সবুজায়নকে জনপ্রিয় করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

Link copied!