রবিবার ১৯, জুলাই ২০২৬

রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --

শাবিপ্রবিতে শহিদ রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম

রুদ্র সেনের মৃত্যুবার্ষিকীতে শাবিপ্রবির শ্রদ্ধা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর পরিবারের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুদ্র সেনের পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার বিষয়েও তাঁদের অবহিত করা হয়। তবে পাঁচ মাস বয়সী সন্তান এবং প্রতিকূল আবহাওয়ার কারণে রুদ্র সেনের পরিবারের পক্ষে ক্যাম্পাসে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। পরে তাঁর বোন ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয়ে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রশাসনের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, রুদ্র সেনের আত্মত্যাগ জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে অবস্থান ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও রুদ্র সেনের পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রুদ্র সেনের স্মরণে বিশেষ ব্যানার টানানো হয়েছে। এছাড়া শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনে তাঁর স্মরণে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। একই দিন বাদ এশা কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদ, আহত জুলাই যোদ্ধা এবং গত ১৭ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ১৬ জুলাই পালিত ‘জুলাই শহিদ দিবস’-এর কর্মসূচিতেও রুদ্র সেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি সিইপি বিভাগ তাঁর স্মরণে যেকোনো কর্মসূচি গ্রহণ করলে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণের সময় শহিদ হন শাবিপ্রবির শিক্ষার্থী রুদ্র সেন। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এবং শাবিপ্রবি পরিবারের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Link copied!